বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। পেসার তাসকিন আহমেদ ফিট না হওয়ায় দলে ডাক পেয়েছেন আবু জায়েদ রাহি।
মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে নাম নেই ওপেনার ইমরুল কায়েসের। তার পরিবর্তে জায়গা করে নিয়েছেন সৌম্য সরকার।
মিডলঅর্ডারে মিঠুন, মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ আছেন যথারীতি। লোয়ার-মিডলঅর্ডারের জন্য সাব্বির, মোসাদ্দেকের উপর ভরসা রেখেছেন নির্বাচকেরা।
২৩ বছর বয়সী মোসাদ্দেক সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে, ভারতের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে। তারপর বিশ্বকাপ দল দিয়ে ফিরলেন এ অলরাউন্ডার।
২৫ বছর বয়সী রাহি ৫টি টেস্ট ও ৩টি টি-টুয়েন্টি খেললেও ওয়ানডেতে এখনো মাঠে নামার সুযোগ পাননি।
বাংলাদেশের বিশ্বকাপ দল: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি।
