সুইংয়ের জন্য রাহি, সম্ভাবনা শেষ হয়নি তাসকিনের

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ০২:১৬ পিএম

সুইং দক্ষতার জন্য বিশ্বকাপ দলে ডাকা হয়েছে একটিও ওয়ানডে না খেলা আবু জায়েদ রাহিকে। অন্যদিকে পুরোপুরি ফিট না হওয়ায় বাদ পড়েছেন তাসকিন আহমেদ। তাই বলে এখনই তার বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে না। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ব্যাকআপ হিসেবে তাসকিন তাদের বিবেচনায় আছেন।

মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দল গঠনের নানা দিক তুলে ধরেন প্রধান নির্বাচক।

‘তাসকিন আমাদের কাছে এখন পর্যন্ত পুরোপুরি ফিট না। ফিজিওর রিপোর্টগুলো দেখে আমাদের এমনটা মনে হয়েছে,’ জানিয়ে মিনহাজুল আবেদীন বলেন, ‘এখনো সময় আছে। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সফর আছে। কোনো কারণে পেস বোলার যদি দরকার হয়, তাহলে ওকে আমরা ব্যাকআপ হিসেবে বিবেচনা করবো।’

ইংল্যান্ডে এবার ক্রিকেটের ‘মহাযজ্ঞ’ শুরু হবে ৩০মে। ২৩মে পর্যন্ত নিজেদের মতো খেলোয়াড় পাল্টাতে পারবে দলগুলো। এরপর থেকে আইসিসির অনুমতি লাগবে। সেই অনুমতি পাওয়া যাবে, যদি পরিবর্তনের পেছনে যৌক্তিক কারণ থাকে।

বিশ্বকাপ দলে জায়গা হয়নি ওপেনার ইমরুল কায়েসেরও। তাকে রাখা হয়নি মূলত কম্বিনেশনের কারণে।

‘টিম ম্যানেজমেন্ট টপঅর্ডারে ডানহাতি-বাঁহাতি একটি কম্বিনেশন চাচ্ছিল। ওই বিবেচনা করে ওকে অফ করে রাখা হয়েছে।’

বিশ্বকাপ দলে বড় চমক আবু জায়েদ রাহি। ২৫ বছর বয়সী রাহি ৫টি টেস্ট ও ৩টি টি-টুয়েন্টি খেললেও ওয়ানডেতে এখনো মাঠে নামার সুযোগ পাননি।

মিনহাজুল আবেদীন জানান সুইং দক্ষতার কারণে রাহিকে নেওয়া হয়েছে, ‘রাহি নিউজিল্যান্ডে টেস্ট খেলেছে। ওই কন্ডিশনে আমরা দেখেছি ওর বোলিংয়ে যথেষ্ট সুইং আছে। আমাদের পেসারদের মধ্যে সুইং বোলার খুব কম। যেহেতু ইংলিশ কন্ডিশনে খেলা, আয়ারল্যান্ডেও সিরিজ আছে। আর মে-জুন মাসে ঠাণ্ডা বেশি থাকে। সেই হিসেবে একজন সুইং ফাস্ট বোলার থাকলে আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে।’

বাংলাদেশের বিশ্বকাপ দল: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত