কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্রিকেটার ওয়ালিউর রহমান রিমেল নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে নগরীর মডার্ন হাইস্কুলের রিমেলের কয়েক’শ সহপাঠী বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধ করে। এ সময় কুমিল্লা নগরীর প্রবেশপথ শাসনগাছা এলাকার সড়কটি বন্ধ করে দেওয়া হয়। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় অবিলম্বে রিমেলের ঘাতক ট্রাক চালককে বিচারের আওতায় এনে শাস্তি কার্যকরের দাবি জানানো হয়।
ওয়ালিউর রহমান রিমেল নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে কুমিল্লার বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীরা জানায়, ঘাতক ট্রাক চালক আটক না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালাম মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় ওয়ালিউর রহমান রিমেল নিহতের প্রতিবাদে ও ট্রাক চালকের আটকের দাবিতে শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, গত রোববার নববর্ষ উপলক্ষে বন্ধুদেরকে নিয়ে মোটর সাইকেল যোগে ঘুরতে বের হন ক্রিকেটার এবং মডার্ন হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ওয়ালিউর রহমান রিমেল। এ সময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড (লেভেল ক্রসিং) ফ্লাইওভারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সে নিহত হয়।
রিমেল (১৬) নগরীর বাদুরতলা এলাকার ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার মো রেজাউল রহমান ও রাবেয়া সুলতানার বড় ছেলে এবং কুমিল্লাা জেলা অনুর্ধ ১৬ দলের নিয়মিত খেলোয়াড়। কুমিল্লা ১ম বিভাগ ক্রিকেট লীগে ইস্ট বেঙ্গল ক্লাবের হয়ে খেলতো রিমেল।
