জুয়ার আসর উচ্ছেদ করতে গিয়ে ছাত্রলীগের মার খেল পুলিশ

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ০৫:৩১ পিএম

মাগুরার শ্রীপুর ইউনিয়নে জুয়ার আসর উচ্ছেদ করতে গেলে ছাত্রলীগ নেতার নেতৃত্বে পুলিশের ওপর হামলা হয়েছে।

বুধবার রাতে হামলায় শিকার হয়েছেন একজন পুলিশ কর্মকর্তাসহ চারজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতি বছর শ্রীপুর উপজেলার কুপুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৈশাখী মেলার আয়োজন হয়। এবার মেলায় কাদিরপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক নেপচুন বিশ্বাসের তত্ত্বাবধানে জুয়ার আসর বসে। নাকোল পুলিশ ফাঁড়ির নজরে আসলে এএসআই শরিফুল ইসলামের নেতৃত্বে একটি দল বুধবার রাতে জুয়ার আসর উচ্ছেদ করতে গেলে ছাত্রলীগ নেতা নেপচুনের নেতৃত্বে স্থানীয় ৮-১০ জন যুবক পুলিশের ওপর হামলা করে। এতে লাঠির আঘাতে পুলিশ কর্মকর্তা শরিফুল আহত হন।

পরবর্তীতে সেখানে উপস্থিত ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মাহমুদকে পুলিশের সোর্স সন্দেহে ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় নেপচুন ও তার সমর্থকরা। তাদের হামলায় রুবেল মাহমুদের বাবা আইয়ুব হোসেন ও ছোট ভাই সোহেল রানা আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্বারিয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, মেলায় জুয়ার আসর পরিচালনাকারী নাজমুলকে পুলিশ আটক করে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত