‘দ্য ব্যালাড অব রিচার্ড জেউল’ শিরোনামের সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন ক্লিন্ট ইস্টউড। এমন সম্ভাবনার খবর দিয়েছে ভ্যারাইটি ডটকম।
এ সিনেমায় দেখা যাবে রাতারাতি নিরাপত্তা রক্ষী রিচার্ড জেউলের জীবন পাল্টে যাওয়ার ঘটনা। হঠাৎ-ই একদিন তিনি সংবাদমাধ্যমের শিরোনাম হন। তাকে চিহ্নিত করা হয় ১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিকের বোমা হামলার সন্দেহভাজন হিসেবে।
সাবেক পুলিশ অফিসার জেউল অলিম্পিক মাঠের পাশে বোমা দেখতে পেয়ে নিরাপত্তা বাহিনীকে সতর্ক করে দেয়। এতে রাতারাতি তিনি নায়ক বনে যান। কিন্তু কয়েক বছর পর তাকেই হামলাকারী হিসেবে চিত্রিত করে মিডিয়া। এ নিয়ে ব্যাপক তর্ক-বিতর্ক হয়। ২০০৭ সালে হার্ট অ্যাটাকে মৃত্যুর তিন মাস তাক সন্দেহভাজনের তালিকা থেকে বাদ দেওয়া হয় তাকে।
সিনেমাটির সঙ্গে যুক্ত রয়েছে হলিউডের বড় স্টুডিও ডিজনি/ফক্স। মাঝে শোনা গিয়েছিল ‘দ্য ব্যালাড অব রিচার্ড জেউল’-এ অভিনয় করবেন জোনাহ হিল ও লিওনার্দো ডিকাপ্রিও। তবে তাদের সংশ্লিষ্টতা এখন শুধু প্রযোজনা পর্যন্ত।
ইস্টউডের সর্বশেষ ব্যবসা সফল সিনেমা ছিল গতবছরের মাদক নিয়ে নির্মিত ‘দ্য মিউল’। তবে একই বছরের ‘দ্য ১৫:১৭ টু প্যারিস’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
এদিকে প্রযোজক হিসেবে ২০১৮ সালে ‘ডেলিরিয়াম’ ও ‘রবিন হুড’ সিনেমায় কাজ করেন লিওনার্দো। তাকে জুলাইয়ে দেখা যাবে কুয়েন্টিন টারান্টিনোর আলোচিত ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ সিনেমায়। এতে আরও অভিনয় করেছেন ব্র্যাড পিট ও মার্গট রুবি।
