শ্রমিক নিপীড়ন বন্ধে বরিশালে বিক্ষোভ

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০৪:২৪ এএম

শ্রমিক আন্দোলনে পুলিশের দমন-পীড়ন বন্ধ, শ্রমিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, পাটকল ও নৌযানসহ সব শ্রমিকের ন্যায্য দাবি মেনে নেওয়াসহ বিভিন্ন দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় নগরের নাজিরের পোল এলাকা থেকে লাল পতাকা মিছিল বের করে তারা। মিছিলটি সদর রোড, ফজলুল হক এভিনিউ, দক্ষিণ চকবাজার, লাইনরোড হয়ে ফের সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন দলটির জেলা কমিটির আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুমন, শ্রমিক ফ্রন্ট নেতা শহিদুল ইসলাম, মহসীন মীর, বাবুল তালুকদার, দুলাল মল্লিক, জেলা ছাত্রফ্রন্ট সভাপতি শন্তু মিত্র ও নাসরিন আক্তার টুম্পা প্রমুখ।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৯ এপ্রিল সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্যোগে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্সের দাবিতে নগরে বাসন-খোরা নিয়ে ভুখা মিছিল বের হয়। পুলিশ লাঠিপেটা করে ওই মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কয়েকজনকে গ্রেপ্তার করে পৃথক দুটি মামলা করে পুলিশ। ওই ঘটনার বর্ষপূর্তি উপলক্ষে এদিন সড়কে নামে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত