নুসরাতের ছোটভাই রায়হানের ফেসবুক আইডি হ্যাকড

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০৫:১০ পিএম

ফেনীর সোনাগাজীতে যৌন নিপীড়নের পর অগ্নিদগ্ধে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির ছোট ভাই রাশেদুল হাসান রায়হানের ফেসবুক আইডি হ্যাকড হয়েছে।

শুক্রবার দুপুরে তার ফেসবুক হ্যাকড হওয়ার পর সে সোনাগাজী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ডায়েরিতে উল্লেখ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাশেদুল হাসান রায়হান নামের একটি আইডি ২০১৭ সাল থেকে নিয়মিত চালিয়ে আসছেন। ১৯ এপ্রিল শুক্রবার দুপুর ১২.৪০ মিনিটের সময় কে বা কারা আইডিটি হ্যাক করে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে।

এর আগে ১৮ এপ্রিল রাতে রাশেদুল হাসান রায়হান অগ্নিদগ্ধে নিহত বড় বোন নুসরাত জাহান রাফিকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দেন। ‘ঘাতকের আগুনে পুড়ে ছারখার আমাদের সোনালি সংসার’ শিরোনামে লেখা রায়হানের স্ট্যাটাসটি ভাইরাল হয়।

এর আগে টানা পাঁচ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১০ এপ্রিল বুধবার রাত নয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান অগ্নিদগ্ধ নুসরাত জাহান রাফি। পরদিন সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের বুঝিয়ে দিলে বিকেলে সোনাগাজী পৌরসভার উত্তর চরচান্দিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত