দেশের প্রচলিত আইনে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনে মুক্তি পাওয়ার কথা উল্লেখ করে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কিন্তু সরকার তা আটকে দিচ্ছে।
শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় দলের আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, চেয়ারপারসনকে মুক্তি না দিলে জনগণ আন্দোলনে যাবে। শিগগিরই সেই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে। সেই আন্দোলনের জনস্রোত কোন স্বৈরাচারী সরকার ঠেকাতে পারবে না।
নজরুল ইসলাম খান বলেন, ক্ষমতাসীনেরা জনগণের ভোটে নির্বাচিত নয়। এ জন্য জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই। তারা পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চায়।
জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
