আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিশ্বে বাংলাদেশকে যেমন এখন একটি মর্যাদাপূর্ণ দেশ হিসেবে গণ্য করা হয়, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মর্যাদাবান নেতা হিসেবে সম্মানিত হন। কিন্তু ‘কিছু দুর্বৃত্তের কারণে তার পরিশ্রম ও সফলতা মন হতে দেওয়া যায় না। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে এগুলো দমন করতে হবে। এ সময় তিনি মাদ্রাসাছাত্রী নুসরাত রাফিসহ এ জাতীয় অপরাধের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধের আহ্বান জানান।
গতকাল শনিবার সকালে ভোলা সদর হাসপাতাল চত্বরে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ভোলা জেলা সিভিল সার্জন রথীন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু প্রমুখ।
