মীর আফসার আলী। ‘মীরাক্কেল’খ্যাত এই কমেডিয়ান শোবিজে যাত্রা শুরু করেছিলেন রেডিও জকি হিসেবে। তারপর টেলিভিশন উপস্থাপক হয়ে এখন জনপ্রিয় কমেডিয়ান। কাজ করতে গিয়ে নানা সময়েই প্রেমে পড়েছেন মীর। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতে নিজের সেই সব প্রেমের কথা স্বীকারও করলেন মীর।
এক প্রশ্নের জবাবে মীর জানান, শুধুমাত্র অপোজিট সেক্সের কারও থেকেই এমন নয়, বিভিন্ন বয়সীদের থেকেও ‘আই লাভ ইউ’ মেসেজ এসেছে। তিনি বলেন, ‘মনের দিক থেকে কচি থাকার চেষ্টা করি। মাঝে মাঝে ফ্লার্টও করি। ইচ্ছেও করে এগিয়ে নিয়ে যাওয়ার। তারপর নানা কাজে জমিয়ে প্রেম করা হয় না। রেডিওর কাজে শ্রোতার সঙ্গে বহুবার প্রেম হয়েছে।’
মীর কখনো ভোটে দাঁড়াবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘জীবনে এখনো নিজের পায়ের ওপরই দাঁড়াতে পারলাম না!ভোট তো সেই তুলনায় অনেক বড় ব্যাপার।’
সিনিয়র সিটিজেন হয়ে গেলেও কি ‘মীরাক্কেল’ করবেন কিনা জানতে চাইলে মীর বলেন, ‘মীরাক্কেলে যখন যাই, পাম্প দিয়ে নিজের বয়সটা অন্তত ১০ থেকে ১৫ বছর কমিয়ে নিই। তা ছাড়া, টেলিভিশন বা ইন্টারনেটে এখন যেসব কনটেন্ট ঘোরে, আর রাখঢাকের কিছু নেই।
সুর না থাকলে মীর অপূর্ণ? নাকি হাসি না থাকলে? জবাবে মীর বলেন, ‘হাসি না থাকলে। মনে হয় নুন ছাড়া খাবার। হাসি ছাড়া যারা থাকেন, তাঁদের থেকে আমি একটু দূরে থাকি।’
