লালমনিরহাটে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক গুলিবিদ্ধ

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১১:৪৪ এএম

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার রাত ৯টার দিকে উপজেলার কাকিনা গোপালরায়ের বিদুয়ারমারি এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আহত রফিকুল ইসলাম রফিক (৩২) কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর খামারভাতি গ্রামের হাবিবুর রহমান হাবুর ছেলে। দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রফিকের বিরুদ্ধে মাদক আইনে ৬টি মামলা রয়েছে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি আরজু মোহাম্মদ সাজ্জাদ।

কালীগঞ্জ থানার এসআই বাদল কুমার মণ্ডল বলেন, “মোটরসাইকেলে করে ১০০টি ইয়াবা নিয়ে মাদক বিক্রেতা রফিক রংপুরে যাচ্ছিলেন। পরে তাকে আটক করে তার দেওয়া তথ্যে বড় চালান উদ্ধারে তাকে নিয়ে গোপালরায়ের বিদুরমারি এলাকায় যায় পুলিশের একটি দল। সেখানে রফিকের সহযোগীরা পুলিশের উপর হামলা চালিয়ে রফিককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।”

তখন গোলাগুলিতে রফিক এবং এএসআই সাইফুল ইসলাম ও কনস্টেবল মোশারফ হোসেন আহত হন বলে জানান এসআই বাদল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত