ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির কৌতুকাভিনেতা ভলোদিমির জেলেনস্কি বিপুল ভোটে জয়ী হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। রান-অফ ভোটের ৯০ শতাংশেরও বেশি ব্যালট গণনার পর জেলেনস্কি ৭৩ শতাংশ ভোট পেয়েছেন বলে দেখা গেছে। তার বিরোধী প্রার্থী ক্ষমতাসীন প্রেসিডেন্ট পেত্রো পোরোশেনকো পেয়েছেন মাত্র ২৪ শতাংশ ভোট।
ভোটের পর প্রথম বুথ ফেরত জরিপ প্রকাশ হওয়ার পরই পরাজয় মেনে নিয়েছেন পোরোশেনকো। তবে রাজনীতি ছাড়বেন না বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে গত রবিবার রাতে নিজের নির্বাচনী প্রচারণার সদর দপ্তরে জয় ঘোষণার পর উল্লসিত সমর্থকদের জেলেনস্কি বলেন, ‘আমি কখনো তোমাদের নিচু করব না। দাপ্তরিকভাবে আমি এখনো প্রেসিডেন্ট নই, কিন্তু ইউক্রেনের একজন নাগরিক হিসেবে আমি সোভিয়েত-পরবর্তী সব রাষ্ট্রকে আমাদের দিকে তাকাতে বলতে পারি। সবকিছুই সম্ভব!’
রাজনীতিতে নতুন আসা ৪১ বছর বয়সী জেলেনস্কি বিদ্রƒপাত্মক টেলিভিশন সিরিজ ‘সার্ভেন্ট অব দ্য পিপল’-এর জনপ্রিয় অভিনেতা। এই সিরিজে জেলেনস্কির চরিত্রটি আকস্মিকভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট হয়ে যায়।
ভলোদিমিরের জয়ে রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ ফেইসবুকের এক স্ট্যাটাসে বলেন, ‘আমি আশা করি জেলেনস্কি তার নির্বাচনী প্রচারে যে মূল্যবোধ দেখিয়েছে তা অব্যাহত থাকবে। একই সঙ্গে তার নতুন নেতৃত্বে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক উন্নয়নের সুযোগ থাকবে।’ নির্বাচনী প্রচারে এর আগেই জেলেনস্কি ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী দলগুলোর সঙ্গে শান্তি আলোচনার কথা বলেছিলেন।
ইউক্রেনের পূর্বাঞ্চলে ইউক্রেনীয় বাহিনীগুলোর সঙ্গে লড়াইরত রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে শান্তি আলোচনা ‘পুনরুজ্জীবিত’ করতে পারেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
