শ্রীলঙ্কায় হামলায় নিহত বেড়ে ৩১০, গ্রেপ্তার ৪০

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১১:০৭ এএম

শ্রীলঙ্কায় খ্রিস্টানদের ইস্টার সানডের প্রার্থনায় হামলায় নিহত বেড়ে ৩১০ জনে দাঁড়িয়েছেন। আহত হয়েছেন পাঁচ শতাধিক।

পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা এক বিবৃতিতে মঙ্গলবার এ হালনাগাদ তথ্য জানিয়েছেন বলে এএফপি জানায়।

বিবৃতিতে বলা হয়, ভয়াবহ এই হামলার ঘটনায় আরও প্রায় ৫০০ জন আহত হয়েছেন।

পুলিশ মুখপাত্র বলেন, রোববারের ওই হামলার ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার তিনটি গির্জা এবং তিনটি বিলাসবহুল হোটেলে আত্মঘাতী হামলার জন্য অখ্যাত দেশীয় জঙ্গি সংগঠন ন্যাশনাল তৌহিদ জামাতকে (এনটিজে) দায়ী করা হচ্ছে। যদিও সংগঠনটি এখনো হামলার দায় স্বীকার করেনি।

এদিকে হামলার বিষয়ে লঙ্কান গোয়েন্দাদের আগেই সতর্ক করা হয়েছিল- এমন তথ্য বেরিয়ে আসতে দেশটির সরকারের সমালোচনায় মুখর হচ্ছেন অনেকে।

এ ঘটনায় গোয়েন্দাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়ায় সরকারের ভূমিকাও সমালোচনার মুখে পড়েছে।

ব্লুমবার্গ দাবি করেছে, জঙ্গি সংগঠনটি এবং এর নেতাদের বিষয়ে তিন বছর আগে সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের সতর্ক করেছিলেন বলে জানিয়েছেন মুসলিম কাউন্সিল অব শ্রীলঙ্কার ভাইস প্রেসিডেন্ট হিলমি আহমেদ।

তিনি বলেন, “তিন বছর আগে আমি সশরীরে গিয়েছি এবং এসব মানুষের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য হস্তান্তর করেছিলাম। তারা (সামরিক গোয়েন্দা কর্মকর্তা) কোনো পদক্ষেপই নেয়নি। এটাই হলো সবচেয়ে দুঃখের বিষয়।”

কেবিনেট মিনিস্টার হারিন ফার্নান্দো ক্ষোভ প্রকাশ করে বলেন, “কেন এই সতর্কতা আমলে নেওয়া হয়নি, সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত