বিশ্বকাপের আগে ডাবল সেঞ্চুরির ইতিহাস সৌম্যর

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ০৪:৪১ পিএম

লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন সৌম্য সরকার। মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগের শেষ রাউন্ডে এই কীর্তি গড়েন আবাহনী লিমিটেডের ব্যাটসম্যান। তার অপরাজিত ২০৮ রানের ইনিংসে ভর করে শেষ জামাল ধানমন্ডি ক্লাবকে ৯ উইকেটে হারিয়ে আবাহনী। এই জয়ে লিগ শিরোপাও ঘরে উঠল ধানমন্ডির ক্লাবটির।

প্রিমিয়ার লিগের এবারের আসরে সৌম্য শুরু থেকেই ভুগছিলেন রান খরায়। বিশ্বকাপের দলে তার জায়গা পাওয়া নিয়েই তাই প্রশ্ন তুলে দিয়েছিলেন অনেকে। সৌম্যর ফর্মহীনতা চিন্তার ছাপ ফেলেছিল টিম ম্যানেজমেন্টের মধ্যেও। তবে ইংল্যান্ডের কন্ডিশনে সৌম্য ভালো করবেন, এমন বিশ্বাস নির্বাচক থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের।

সৌম্য অবশ্য বিশ্বকাপের বিমানে ওঠার আগেই তাকে দলের নেওয়ার যৌক্তিকতার প্রমাণ দিলেন। ঠিক আগের ম্যাচেই লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে খেলেছিলেন ১০৬ রানের ইনিংস। তার ইনিংসে ভর করে রূপগঞ্জকে হারিয়ে শিরোপার পথে এগিয়ে যায় আবাহনী।

সাভারের বিকেএসপির ঠিক একই মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচেও সৌম্যর ব্যাটেই হলো শিরোপার ফয়সালা। ১৫৩ বলে ১৬টি ছক্কা ও ১৪ রানে নিজের ইনিংসটি সাজিয়েছেন সৌম্য। এদিন লিস্ট ‘এ’ ম্যাচে বাংলাদেশের পক্ষে সর্বাধিক ছক্কার রেকর্ডও নিজের করে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত