হামলার ২ ঘণ্টা আগে শ্রীলঙ্কাকে সতর্ক করেছিল ভারতীয় গোয়েন্দারা

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১১:৫১ পিএম

শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলার অন্তত দুই ঘণ্টা আগে দেশটির গোয়েন্দা সংস্থাকে সতর্ক করেছিল ভারতের গোয়েন্দা বাহিনী।

ভারত ও শ্রীলঙ্কার সূত্রের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, হামলার ব্যাপারে শ্রীলঙ্কাকে ৪ এপ্রিল ও ২০ এপ্রিল দুই দিন সতর্ক করা হয়েছিল।

ওই প্রতিবেদনে কারও নাম উল্লেখ না করে ভারতীয় গোয়েন্দা বাহিনীর এক কর্মকর্তা ও শ্রীলঙ্কার নিরাপত্তার বাহিনীর এক কর্মকর্তাকে খবরের সূত্র হিসেবে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভারতীয় গোয়েন্দা বাহিনীর কর্মকর্তারা সম পদমর্যাদার শ্রীলঙ্কান কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে ওই হামলার পূর্ব সতর্কবার্তা জানায়।

অপর একজন শ্রীলঙ্কান নিরাপত্তা কর্মকর্তা জানান, প্রথম হামলার ঘণ্টাখানেক আগে একটি সতর্কবার্তা এসেছিল। আবার আরেক কর্মকর্তা জানান, হামলার আগের দিন শনিবার রাতেই সম্ভাব্য হামলার ব্যাপারে সতর্ক করেছিল ভারত।

তবে হামলার দিনই শ্রীলঙ্কার পুলিশপ্রধান পুজুথ জয়াসুন্দরা জানিয়েছিলেন, এ ধরনের একটি ঘটনা ঘটতে পারে বলে তিনি দেশটির শীর্ষ কর্মকর্তাদের ১০ দিন আগেই সতর্ক করেছিলেন। যদিও শেষ পর্যন্ত কোনো সতর্কবার্তা কাজে আসেনি।

দায় স্বীকার আইএসের

শ্রীলঙ্কার সিরিজ বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। রবিবার আত্মঘাতী এ হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২১, আহতের সংখ্যা পাঁচ শতাধিক।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানায়, মঙ্গলবার আইএস নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আমাক নিউজ এজেন্সির মাধ্যমে দাবি করে, তারাই এ হামলা চালিয়েছে। তবে এ দাবির পক্ষে তারা কোনো ধরনের প্রমাণ উপস্থাপন করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত