নারী ও শিশুদের যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর শক্তিশালী মাধ্যম হতে পারে শিল্পকর্ম ও কার্টুন। এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভাস্কর্য চত্বরের পাশে ‘যৌন নিপীড়নবিরোধী শিল্পকর্ম’ প্রদর্শনীর আয়োজন করেছে জবি সাংস্কৃতিক ইউনিয়ন।
সংগঠনের কর্মী ও চারুকলা বিভাগের ১১তম ব্যাচের ছাত্র সাবাব আলম সানি বলেন, ‘সমগ্র বাংলাদেশে যৌন নির্যাতন বর্তমানে ভয়াবহ রূপ ধারণ করেছে। এর বিরুদ্ধে শিল্পকর্মের মাধ্যমে আমরা প্রতিবাদের চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি, যৌন হয়রানি জঘন্য ও ঘৃণ্যতম অপরাধমূলক কাজ। জবির শিল্পীরা একসঙ্গে শিল্পকর্মের মাধ্যমে ধর্ষকদের সঙ্গে কী ধরনের আচরণ করা উচিত তা তুলে ধরেছি।’
শিল্পকর্ম প্রদর্শনী দেখতে আসা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহিবুর রহমান সিয়াম বলেন, ‘ধর্ষণের শাস্তি ও ভয়াবহতা মানুষের মধ্যে জোরালোভাবে উপস্থাপন করা উচিত। এসব চিত্রকর্ম তা স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে।’
আরেক দর্শনার্থী অণুজীববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা সাথী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এ ধরনের প্রতিবাদ দেখে অনেক ভালো লাগছে। যৌন হয়রানির মানসিকতা দূর করতে ও মানুষকে সামাজিকভাবে সচেতন করার জন্য এটি সাহায্য করবে।’ এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়নের নেতাকর্মীরা সবাইকে যৌন হয়রানি ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী ও সোচ্চার হওয়ার আহ্বান জানান।
