চট্টগ্রাম উন্নয়ন কর্র্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ ওরফে ডলফিন বলেছেন, জলাবদ্ধতা নিরসনে সিডিএ’র সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) যে ভুল বোঝাবুঝি, তার অবসান করা হবে। গতকাল মঙ্গলবার দায়িত্ব নেওয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
প্রথমে কোন বিষয়টিকে গুরুত্ব দেবেন এমন প্রশ্নে তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘প্রথমেই নগরবাসীর স্বার্থে জলাবদ্ধতা ইস্যুকে গুরুত্ব দেওয়া হবে। কেননা, জলাবদ্ধতাই এখন নগরের বড় সমস্যা। জলাবদ্ধতা নিয়ে গৃহীত মেগা প্রকল্প দেখভাল করে সিডিএ-চসিকের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে জহিরুল আলম দোভাষ বলেন, ‘দুই বছরের জন্য আমাকে সিডিএ চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমি চাই সিডিএ’র আইনের মধ্যে যা যা করণীয় তা বাস্তবায়ন করতে।’ গত ১৭ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক আদেশে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
