বাংলাদেশ গণআজাদী লীগকে কেন নিবন্ধন দেওয়া হবে না, তা জানতে চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি রুল জারি করেছে হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে ইসি ও সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে আদেশে। আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইয়ারুল ইসলাম। গত ২১ এপ্রিল গণআজাদী লীগের সভাপতি ও ১৪ দলের কেন্দ্রীয় নেতা এস কে সিকদার এ রিট আবেদনটি করেন।
দলের মহাসচিব মুহাম্মদ আতাউল্লাহ খান জানান, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর ইসি নতুনভাবে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য ৭৬টি দলের আবেদন গ্রহণ করে।
প্রাথমিকভাবে ৫৬ দলকে বাছাই করা হয়। পরবর্তী সময়ে মাত্র দুটি দলকে নিবন্ধনের জন্য চূড়ান্তভাবে বাছাই করা হয়, যার একটি গণআজাদী লীগ। কিন্তু ইসির সব শর্ত পূরণ করা সত্ত্বেও অজ্ঞাত কারণে গণআজাদী লীগকে নিবন্ধন দেওয়া হয়নি। ভাষাসংগ্রামী, জাতীয় নেতা মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ ১৯৭৬ সালের ৭ অক্টোবর বাংলাদেশ গণআজাদী লীগ প্রতিষ্ঠা করেন।
