বরিশাল বিশ্ববিদ্যালয়

উপাচার্যের পদত্যাগ দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ০১:১১ এএম

উপাচার্য এস এম ইমামুল হকের পদত্যাগ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টানা আন্দোলন চলছে। গতকাল মঙ্গলবার তারা প্রতিবাদ সমাবেশের পাশাপাশি গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে। এ ছাড়া সকাল ১০টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষক সমিতি।

এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পনেরো দিনের ছুটিতে থাকা উপাচার্য গতকাল থেকে ছাত্রছাত্রীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি দাবি করেন, এই আন্দোলনে ৫ ভাগ শিক্ষার্থীও অংশ নেয়নি। সবাই শ্রেণি কক্ষে ফিরে যেতে চায়। বিজ্ঞপ্তিতে উপাচার্য আরও উল্লেখ করেন, আগামী ২৭ মে পর্যন্ত তার মেয়াদ। এরপর এমনিতেই চলে যাবেন। আর প্রধানমন্ত্রীর সুপারিশে তাকে নিয়োগ দিয়েছেন আচার্য রাষ্ট্রপতি। তাকে সরাতে হলে তারাই উদ্যোগ নেবেন।

অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, সব শিক্ষার্থী উপাচার্যের পদত্যাগ চায়। তাই তার ডাকে সারা দিয়ে কেউ ক্লাসে যায়নি; উল্টো আন্দোলন জোরদার হয়েছে। উপাচার্যের পদত্যাগ ছাড়া তারা ক্লাসে যাবেন না। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া বলেন, উপাচার্যের পদত্যাগ ও আট দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত