দেপোর্তিভো আলাভেসের মাঠে সহজ জয় পেয়েছে বার্সেলোনা। তাতে লা লিগা শিরোপা ধরে রাখার একেবারে চলে এসেছে দারুণ ছন্দে থাকা এরনেস্তো ভালভেরদের দল।
প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে স্পেনের শীর্ষ লিগের ম্যাচটিতে ২-০ গোলের জয় পায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে স্প্যানিশ মিডফিল্ডার কার্লেস আলেনা দলকে এগিয়ে নেওয়ার পর স্পটকিকে ব্যবধান দ্বিগুণ করেন লুইস সুয়ারেস।
এই জয়ে এখন পর্যন্ত ৩৪ ম্যাচে ২৪ জয় ও আট ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ৮০। ১২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে এক ম্যাচ কম খেলা আতলেতিকো মাদ্রিদ।
শেষ চার ম্যাচে তিন পয়েন্ট পেলেই শিরোপা জিতবে গত আসরের চ্যাম্পিয়ন বার্সেলোনা। এমনকি এর আগেও শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে কাতালান ক্লাবটির। সেক্ষেত্রে বুধবার রাতের ম্যাচে ভালেন্সিয়ার মাঠে হারতে হবে দ্বিতীয়স্থানে থাকা আতলেতিকোকে।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় বার্সেলোনা। কিন্তু প্রথমার্ধের খেলায় একবারও আলাভেসের জালে বল জড়াতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে অতিথিদের আর দমিয়ে রাখতে পারেনি স্বাগতিক দল।
৫৪তম মিনিটে দ্রুত গতির এক আক্রমণ থেকে গোল পেয়ে যায় বার্সেলোনা। ডান পায়ের শটে বল ঠিকানায় পাঠান স্প্যানিশ মিডফিল্ডার কার্লেস আলেনা। সের্গি রবের্তো পাস পেয়ে খুব কাছ থেকে জালে বল জড়ান আলেনা।
ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। ডি-বক্সে বল আলাভেসের ডিফেন্ডার তমাস পিনার হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি সুয়ারেস। চলতি লিগে উরুগুয়ান স্ট্রাইকারের এটা ২১তম গোল।
৬১তম মিনিটে উসমানে দেম্বেলের বদলি হিসেবে মাঠে নামেন বার্সেলোনার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় লিওনেল মেসি। বেশ কয়েকবার গোলের সুযোগ পেলেও জালে বল জড়াতে পারেননি আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। আর কোনো গোল পায়নি বার্সেলোনাও।
