ক্রাইস্টচার্চের ভয়াবহ হামলায় হতাহতদের নিজেদের দেশে স্থায়ী বসবাসের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। এ জন্য বিশেষ একটি ভিসার ব্যবস্থা করা হচ্ছে বলে দেশটির গণমাধ্যমে জানানো হয়েছে।
গত মার্চে ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে এক শ্বেতাঙ্গ বন্দুকধারী গুলি চালিয়ে ৫০ জন নিরীহ মুসলমানকে হত্যা করে। তাদের মধ্যে অধিকাংশ স্টুডেন্ট ভিসা কিংবা অস্থায়ী ভিসায় সেখানে ছিলেন।
দেশটির অভিবাসন মন্ত্রী লিয়ান লিস এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘সরকারের পক্ষ থেকে এই ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে শারীরিকভাবে গুরুতর জখম হয়েছেন। তারা ইচ্ছা করলে আমাদের দেশে স্থায়ীভাবে থেকে যেতে পারবেন।’
পরিবার নিয়ে স্থায়ীভাবে থাকার জন্য হতাহতদের আবেদন করতে হবে। সেটি যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যারা টুরিস্ট ভিসায় কিংবা খুব অল্প সময়ের কাজে নিউজিল্যান্ডে গিয়ে ঘটনাস্থলে ছিলেন, তারা স্থায়ী ভিসার জন্য বিবেচিত হবেন না। যারা ইতিমধ্যে স্থায়ী ভিসায় আছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
