মিরপুরে বাসচাপায় পথচারী নিহতের ৬ মাস পর চালক গ্রেপ্তার

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ০৭:৫৬ পিএম

রাজধানীর মিরপুরে অছিম পরিবহনের চাপায় আতাউল ইসলাম (২৬) নামে এক পথচারী নিহত হওয়ার ছয় মাস পর ওই বাসের চালক মো. জসিমকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্রো (উত্তর)।

বুধবার রাত সাড়ে ১০টায় মিরপুর মডেল থানাধীন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সামনে থেকে পিবিআইর এসআই মো. ইদ্রিস আলীর নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে। গত বছরের ১২ অক্টোবর সন্ধ্যায় পল্লবী থানাধীন সাড়ে এগারো বাসস্ট্যান্ডে অছিম পরিবহনের একটি মিনি বাসের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় আতাউলের।

এ ঘটনায় নিহতের শ্যালক থানায় একটি হত্যা মামলা করে।

বৃহস্পতিবার পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাসচাপায় নিহত আতাউল ইসলামের শ্যালক মো. সামিম বাদী হয়ে অছিম পরিবহনের বাসের চালক মো. জসিম এর বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর অপরাধে পল্লবী থানায় মামলা করে।

এতে বলা হয়, পল্লবী থানা-পুলিশ তদন্ত করে ঘাতক বাসটি আটক করলেও চালককে গ্রেপ্তার বা শনাক্ত করা সম্ভব না হওয়ায় মামলাটি গত ১১ মার্চ বিজ্ঞ আদালত স্ব-প্রণোদিত হয়ে অধিক তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।

এরপর পিবিআই গত বুধবার বাসের চালক মো. জসিমকে গ্রেপ্তার করে।

জসিম বরিশালের হিজলা থানার কোড়ালিপাড়া গ্রামের মো. হান্নান এর ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত