সাকিবকে আরো ধারালো ও ক্ষিপ্র মনে হচ্ছে রোডসের

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১০:৩৫ পিএম

আইপিএলে এবার খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি সাকিব আল হাসান। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচে খেলার পর টানা আট ম্যাচ ছিলেন দর্শক হয়ে। এরপর খেলেছেন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে।

আরো কিছু ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে বলে বিশ্বকাপ উপলক্ষে শুরু হওয়া বাংলাদেশের অনুশীলন ক্যাম্পে যোগ দেননি সাকিব। থেকে গেছেন ভারতে। বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস এতে তেমন অসুবিধা দেখছেন না। আর খুব বেশি ম্যাচ সুযোগ না পেলেও সাকিবকে আরো বেশি ধারালো ও ক্ষিপ্র্রই মনে হচ্ছে এই ইংলিশ কোচের কাছে।

বৃহস্পতিবার টাইগারদের অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন কোচ স্টিভ রোডস। এসময় তিনি সাকিবের ক্যাম্পে যোগ দেওয়া নিয়ে বলেন, ‘‘আমার কাছে মনে হয় সাকিব ভারতে আছে কয়েকটি ম্যাচে সুযোগ পাওয়ার জন্য। অবশ্যই এটা কিছুটা ঝুঁকির, তবে আশা করছিলাম সে অন্তত দুই তিনটি ম্যাচে এর মধ্যে খেলার সুযোগ পাবে। অনুশীলনটা অবশ্য হচ্ছে ওর। আমার তো ওকে বেশ ধারালো, ফিট ও ক্ষিপ্র মনে হচ্ছে।’’

একাদশে সুযোগ না পেয়ে সাকিবের ডাগআউটে বসে থাকা নিয়ে ইতিবাচক ও নেতিবাচক দুটি দিকেই খুঁজে পাচ্ছেন রোডস। বলছেন, ‘‘এখানে আসলে দুইটি ভালো দিক হচ্ছে, সে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না। তাতে ওর খিদেটা আরও বাড়ছে। আরেকটা ব্যাপার হচ্ছে, এখন সে নিজেকে আরও বেশি প্রমাণ করতে চাইবে। এখান থেকে বাংলাদেশ উপকৃত হতে পারে।’’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত