ফেনীর ফুলগাজীতে ডা. সিরাজ উদ্দিন (৫০) নামে ভুয়া এক চক্ষু চিকিৎসককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.সাইফুল ইসলাম তাকে এ রায় প্রদান করেন।
ফুলগাজী উপজেলা ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, ওই দিন ফুলগাজী বাজারে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করার সময় চক্ষু চিকিৎসার ক্ষেত্রে যথাযথ কাগজপত্র না দেখাতে পারায় ফুলগাজী বাজারের অপটিক্যাল আই কেয়ারের মালিক ডা. সিরাজ উদ্দিনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার ডালিয়া খানম ও ফুলগাজী থানার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নিজাম উদ্দিন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দীন ভ্রাম্যমাণ আদালতে চক্ষু চিকিৎসককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে কারাগারে পাঠানো হয়েছে।
