সরকারি বেতন নেওয়ার দাবি

মহাসড়ক অবরোধ করে কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ০৩:০৭ এএম

নতুন করে জাতীয়করণ হওয়া ২৭১টি কলেজে দ্রুত সরকারি বেতন কার্যকরের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে সাভার সরকারি কলেজের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা স্ট্যান্ড এলাকায় আধ ঘণ্টা সড়ক বন্ধ করে রেখে এ অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করে তিন শতাধিক শিক্ষার্থী। অবরোধের কারণে সড়কটির দুপাশে প্রায় চার কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে প্রচণ্ড গরমে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

ঢাকা জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আবুল হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের বোঝানোর চেষ্টা করি। প্রায় আধঘণ্টা পর শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যায়।’

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, আট মাস পার হলেও এখন পর্যন্ত নতুন গেজেটভুক্ত হওয়া ২৭১টি কলেজে সরকারি বেতন চালু করা হয়নি। এসব শিক্ষাপ্রতিষ্ঠানকে নামে সরকারি বলা হলেও বেসরকারি প্রতিষ্ঠান হিসেবেই শিক্ষার্থীদের বেতন ও পরীক্ষার ফিসহ সব ব্যয় পরিশোধ করতে হচ্ছে। সরকারি প্রতিষ্ঠান জেনে ছাত্রছাত্রীরা সাভার সরকারি কলেজে ভর্তি হলেও তারা সরকারি কোনো সুযোগ-সুবিধা পাচ্ছেন না। তাই নতুন গেজেটভুক্ত হওয়া ২৭১টি কলেজে দ্রুততম সময়ের মধ্যে সরকারি বেতন কার্যকরের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। জানতে চাইলে সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. কামরুন্নাহার বলেন, ‘নতুন গেজেটভুক্ত হওয়া কলেজগুলোতে সব সরকারি সুযোগ-সুবিধা চালুর বিষয়টি প্রক্রিয়াধীন। এটা খানিকটা সময়সাপেক্ষ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত