প্রথমদিনে ১৪২৪ কোটি টাকা আয় করলো ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১১:৩৪ এএম

আন্তর্জাতিক বাজারে মুক্তি পেয়ে চীনে প্রথমদিনের সব রেকর্ড ভেঙ্গে দিলো ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ২২তম ছবির সাফল্য নিয়ে কারো সংশয় ছিল না, কিন্তু আয়ের পরিমাণ এত হতে পারে কেউ ভাবেনি।

চীন ও কয়েকটি বাজারে ‘এন্ডগেম’ প্রথম দিনে আয় করে ১৬.৯ কোটি ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৪২৪ কোটি টাকার বেশি।

ভ্যারাইটির এক প্রতিবেদনে জানা যায়, চীনে প্রথম দিনে সিনেমাটির আয় ১০.৭ কোটি ডলার, যা বিদেশি সিনেমা হিসেবে সেরা আয়। দক্ষিণ কোরিয়ায় আয় করে ৮৪ লাখ, অস্ট্রেলিয়ায় ৭০ লাখ ও ফ্রান্সে আয় ৬০ লাখ ডলার।

যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের দুইদিন আগে বুধবার সিনেমাটি মুক্তি পায় এই অঞ্চলে।

চীনের বাজারেই এটি প্রথম ৫০ কোটি ইয়েন টিকিট বিক্রির ঘটনা। বুধবার দেশটির ৮০ ভাগ পর্দায় মুক্তি পায় সুপারহিরো সিনেমাটি। কোথাও কোথাও ৫০০ ইয়েন বা ৭৪.১৪ ডলারে বিক্রি হয় টিকিট, যদিও স্বাভাবিক মূল্য ৬০ ইয়েন।

এদিকে ভারতে ২৫ লাখের বেশি অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। যা অনলাইনে টিকিট বিক্রির সাইট বুক মাই শো-র জন্য সর্বোচ্চ।

চলতি মাসের প্রথমদিকে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় যুক্তরাষ্ট্রে। প্রথম দিনই বিক্রির রেকর্ড গড়ে। নিলাম সাইটে একটি টিকিটের দাম উঠে ৫০০ ডলার।

বৃহস্পতিবার ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর অগ্রিম টিকিট বিক্রি শুরু করে রাজধানীর স্টার সিনেপ্লেক্স। মাল্টিপ্লেক্সটির বসুন্ধরা সিটি ও সীমান্ত সম্ভার শাখার সামনে আগের রাত থেকে জড়ো হতে থাকে দর্শক।

শুক্রবার যুক্তরাষ্ট্র, ভারতসহ আরও কিছু বড় বাজারে মুক্তি পেয়েছে ‘এন্ডগেম’। যুক্তরাষ্ট্রে পেয়েছে ৪৬০০ পর্দা, ভারতে ২-৩ হাজার। ধারণা করা হচ্ছে, প্রথম সপ্তাহান্তে আয় ছড়াবে ৮০ কোটি ডলার। আর শিগগিরই প্রথম ৩ বিলিয়ন ডলার আয়ের হলিউড সিনেমার মর্যাদা পাবে।

দুই ভাই জো ও অ্যান্থনি রুশো পরিচালিত ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’-এ অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস ইভান্স, ক্রিস হেমসওর্থ, স্কারলেট জোহানসন, বেনেডিক্ট কাম্বারব্যাচ, টম হল্যান্ড, চ্যাডউইক বোসমান, মার্ক রাফেলো, ডন ছেডলে, পল বেট্টানি, এলিজাবেথ ওলসেন, অ্যান্থনি ম্যাকিয়ে, সেবাস্টিয়ান স্ট্যান, টম হিডেলস্টোন, জো সালডানা, জশ ব্রোলিন, ক্রিস প্রাট, পল রুড ও ব্রি লারসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত