মিরসরাইয়ে স্কুলছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা যুবক গ্রেপ্তার

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১১:৪৪ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে কামরুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে জোরারগঞ্জ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। কামরুল ইসলাম (২৫) জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে জোরারগঞ্জের একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল কামরুলের নেতৃত্বে একদল বখাটে। ওই ছাত্রী একপর্যায়ে স্কুলে যেতে অস্বীকৃতি জানিয়ে বিষয়টি পরিবারকে জানায়।

মেয়েটির বাবা স্কুল কর্র্তৃপক্ষের মাধ্যমে বৈঠক করে বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হন। সর্বশেষ গত বৃহস্পতিবার ওই ছাত্রী মডেল টেস্ট পরীক্ষা দিতে স্কুলে যাওয়ার পথে কামরুল, পংকজসহ আরও কয়েকজন বখাটে মেয়েটির হাত ধরে টানাটানি করে। এ সময় বখাটেরা বিভিন্ন ধরনের অশ্লীল কথা বলে এবং তার শ্লীলতাহানির চেষ্টা চালায়। ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়।

পরে সন্ধ্যায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে কামরুল, পংকজসহ অজ্ঞাত আরও তিন বখাটের নামে জোরারগঞ্জ থানায় অভিযোগ দেন। জোরারগঞ্জ থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবেদ আলী জানান, ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে কামরুল নামে এক বখাটেকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত