খালেদার মুক্তির দাবিতে রাজধানীতে মিছিল

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১২:৪১ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে শুরু হওয়া মিছিলে নেতৃত্বে ছিলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে রিজভী বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ও আদালতের ঘাড়ে বন্দুক রেখে নির্দোষ খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে বন্দি করে রাখার উদ্দেশ্যই ছিল মধ্যরাতে নির্বাচন করা। এই নির্বাচন ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্র্তৃক রাতের আঁধারে ব্যালট বাক্স পূর্ণ করা।

তিনি বলেন, জবাবদিহিহীন সরকারের দুঃশাসনে সাম্প্রতিককালে এক ভয়াবহ নারী নির্যাতনের শিকার নুসরাত জাহান রাফি। দেশব্যাপী নারী হত্যা, নারী নির্যাতনের হিড়িক পড়েছে। অনাচার-অবিচার চরম মাত্রায় উপনীত হয়েছে। রাষ্ট্র ও সমাজে নৈরাজ্যের ব্যাপক বিস্তারে আজ মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, দপ্তর সম্পাদক এ বি এম রাজ্জাক, কাফরুল থানা বিএনপি সভাপতি আক্তার হোসেন জিল্লু, বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিলু, আবদুল আউয়াল, এনায়েত হাফিজ, ইঞ্জিনিয়ার মজিবুল হক, হারুন অর রশীদ খোকা ও ছাত্রনেতা মাসুদসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত