সড়কে মুসলিমদের ওপর গাড়ি তুলে দিল সাবেক মার্কিন সেনা

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ০৫:৫৬ পিএম

যুক্তরাষ্ট্রে একটি মুসলিম পরিবারসহ বেশ কয়েকজনের ওপর গাড়ি তুলে দিয়েছেন সাবেক এক মার্কিন সেনা।

ওই ঘটনায় আট ব্যক্তি আহত হয়েছেন বলে শুক্রবার মার্কিন পুলিশ জানিয়েছে।

আলজাজিরা জানায়, সান ফ্রান্সিসকোর কাছে সানিভ্যালে পথচারীদের ওপর গাড়ি তুলে দেন ইশাইয়া জোয়েল পিপলস নামে ৩৪ বছর বয়সী ওই ব্যক্তি।

পথচারী ওই দলটিকে মুসলিম পরিবার মনে হওয়ায় এমনটা ঘটিয়েছে বলে তিনি জানান। ওই ব্যক্তির বিরুদ্ধে হত্যাচেষ্টার আটটি অভিযোগ আনা হয়েছে।

সানিভ্যাল পুলিশ এক বিবৃতিতে জানায়, মুসলিম হওয়ার কারণে তাদের ওপর এ হামলা চালিয়েছে অভিযুক্ত ব্যক্তি।

আহতদের মধ্যে তিনজন হচ্ছে এক পরিবারের। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ওই মুসলিম ব্যক্তি ঘটনার সময় রাস্তা দিয়ে হাঁটছিলেন।

এপি জানায়, ১৩ বছর বয়সী ওই কিশোরী মারাত্মক আহত হয়ে এখন কোমায়। বাকিরাও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

তবে তাদের জাতীয়তা ও নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

এদিকে জোয়েলের আইনজীবী জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি সামরিক বাহিনীর সদস্য ছিলেন। তিনি ইরাক যুদ্ধে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তার মানসিক অসুস্থতা দেখা দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত