রামগড়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১০:২১ পিএম

খাগড়াছড়ির রামগড়ে ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ধর্ষক যুবককে আটক করেছে।

পুলিশ ও ভিকটিমের পরিবার জানায়, রামগড় পৌরসভার দারোগা পাড়ার বাসিন্দা ওই শিশু কন্যা এক প্রতিবেশীর সাথে শুক্রবার আনুমানিক রাত ৮টার দিকে পার্শ্ববর্তী ফেনী নদীতে মাছ ধরতে যায়। এ সময় বাবলু (৩১) নামে এক যুবক ওই মেয়েটিকে মহামুনি এলাকায় নদীর চরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

পেশায় হকার ও এক সন্তানের জনক বাবলু চট্টগ্রামের বায়োজিদ থানার আতুরারডিপো এলাকায়। রামগড়ের দারোগা পাড়ায় তার শ্বশুরবাড়ি। 

মেয়েটি বাসায় ফিরে ঘটনাটি পরিবারকে জানানোর পর প্রতিবেশীদের সহায়তায় তারা বাবুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

বাবলু জানায়, সে তার স্ত্রী এবং ওই মেয়েটিকে সাথে নিয়েই ফেনী নদীতে মাছ ধরতে যায়। তবে ভিকটিম অভিযোগ করেছে বাবলু তাকে নদীর চরে জোরপূর্বক ধর্ষণ করেছে।

রামগড় থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেক মো. আব্দুল হান্নান জানান, জিজ্ঞাসাবাদে ভিকটিম পুলিশের কাছে বলেছে বাবলু তাকে ধর্ষণ করেছে। ভিকটিমকে মেডিকেল চেকআপের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। ভিকটিমের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত