কৃষকের কাছ থেকে ধান কেনার দাবিতে হাটসভা

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১০:৩০ পিএম

প্রত্যেক ইউনিয়নে ক্রয়কেন্দ্র খুলে সরকার-নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়সহ ৯ দফা দাবিতে গাইবান্ধায় হাটসভা করেছে জেলা কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই হাটসভা করে বাম জোটভুক্ত নয়টি কৃষক সংগঠনের সমন্বয়ে গঠিত সংগঠনটির সদস্যরা। তারা সদর উপজেলার তুলসীঘাট, পলাশবাড়ীর চৌমাথা মোড় ও সবজি বাজারে হাটসভা করে।

এসব সভায় বক্তব্য রাখেন জেলা বাসদ ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক গোলাম রব্বানী, জেলা কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ সমন্বয়ক মনজুর আলম মিঠু ও সদস্য আবু রাহেন শফিউল্লাহ, জেলা কৃষক সমিতির সভাপতি মো. বাদল, পলাশবাড়ী সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লা আদিল নান্নু, পলাশবাড়ী বাসদের সমন্বয়ক আলিউল ইসলাম বাদল ও গোবিন্দগঞ্জ সিপিবির সভাপতি তাজুল ইসলাম।

বক্তারা বলেন, প্রত্যেক ইউনিয়নে একটি ধান ক্রয়কেন্দ্র খুলতে হবে। এক লাখ ৬৮ হাজার কৃষকের নামে যে সার্টিফিকেট মামলা ও ১২ হাজার কৃষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তা বাতিল করতে হবে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও কৃষকদের জন্য স্বল্পমূল্যে গ্রামীণ রেশনিং চালু করতে হবে। এগুলোসহ ৯ দফা দাবিতে আগামীকাল সোমবার জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ঘেরাও করা হবে বলেও জানান বক্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত