খুলনার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে ‘সাংবাদিকতার নীতিমালা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও তথ্য অধিকার আইন অবহিতকরণ’ শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ কর্মশালার উদ্বোধন করেন।
বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের সংবিধান সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে। গণমাধ্যম ওয়াচডগ হিসেবে কাজ করে সরকারকে সঠিকপথে পরিচালিত করে।’
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদের সদস্য খায়রুজ্জামাল কামাল, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলম প্রমুখ।
কর্মশালায় ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন-সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ে সেশন পরিচালনা করেন জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মো. ওমর ফারুক। জেলা পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করেন।
