পাবনায় দুর্বৃত্তের হামলায় প্রবাসী যুবক খুন

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১১:১০ এএম

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে নুরুজ্জামান (২৮) নামের এক প্রবাসী যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়। রোববার সকালে বাড়ির পাশে মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নুরুজ্জামান উপজেলার আমিনপুর থানার জাতসাকিনী ইউনিয়নের সিংহাসন গ্রামের কাবিল প্রামানিকের ছেলে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নুরুজ্জামান সিঙ্গাপুরে একটি কনস্ট্রাকশন ফার্মে কাজ করতেন। সম্প্রতি সেই কোম্পানি কক্সবাজারে একটি কাজ পেলে ৬ মাস আগে সেখানে যোগদান করেন তিনি।

দশ দিন আগে নিজ গ্রামে বাড়ি নির্মাণেরও কাজ শুরু করেন নুরুজ্জামান। শনিবার মাগরিবের নামাজের পর পর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি।

রোববার সকালে বাড়ির পাশে চরকান্দি মাঠের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

আমিনপুর থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, নুরুজ্জামান নিখোঁজ হবার পর পুলিশ তাকে খুঁজে বের করতে মাঠে নামে। পরে তার মরদেহ পাওয়া যায়। প্রাথমিক সুরতহালে মরদেহটি গলাকাটা ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তবে কারা, কি কারণে নুরুজ্জামানকে হত্যা করেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত