বহুল আলোচিত ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ কার্যকর করতে গেজেট প্রকাশে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে রবিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আইনটি কার্যকর করতে গেজেট প্রকাশে বিবাদীদের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।
দুই সপ্তাহের মধ্যে মন্ত্রীপরিষদ সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব, জনপ্রশাসন সচিব, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের সচিব, সংসদবিষয়ক সচিব, স্বরাষ্ট্র সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল পূরবী রাণী সাহা ও পূরবী রাণী শর্মা।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে বুধবার আইনজীবী সরওয়ার আহাদ চৌধুরী, একলাছ উদ্দিন ভুঁইয়া ও রিপন বাড়ৈ হাইকোর্টে এ রিট আবেদনটি করেন।
এর আগে আইনটি কার্যকর করতে সাত দিনের মধ্যে গেজেট প্রকাশের দাবি জানিয়ে গত ১০ এপ্রিল এইচআরপিবির পক্ষে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশের জবাব না পেয়ে এ রিট আবেদনটি করা হয়।
মনজিল মোরসেদ গণমাধ্যমকে বলেন, ‘আইনটি জাতীয় সংসদে পাশ হওয়ার পর ছয় মাস পেরিয়ে গেলেও সরকার গেজেট প্রকাশ করেনি। গেজেট প্রকাশ করে আইনটা কার্যকর করার জন্য আমরা আইনি নোটিশ পাঠিয়েছিলাম। সেটি না হওয়ায় জনস্বার্থে রিট আবেদন করা হয়। আদালত প্রাথমিক শুনানি নিয়ে দুই সপ্তাহের রুল জারি করেছেন।’
