ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশের সেমি-ফাইনাল খেলা অসম্ভব দেখছেন না অধিনায়ক মাশরাফী বিন মুর্ত্তজা। তার মতে, অভিজ্ঞ ব্যাটিং লাইনআপই বাংলাদেশের সেরা শক্তি।
আয়ারল্যান্ডে ত্রি-দেশীয় ওয়ানডে সিরিজ ও বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে সোমবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাশরাফী। জানান, এবারের আসরই হতে যাচ্ছে নিজের ক্যারিয়ারে শেষ বিশ্বকাপ, “হয়তো বা এটাই আমার শেষ বিশ্বকাপ। তাই নিজের কাজটা ঠিকমতো করতে চাই।”
“সেমি-ফাইনাল খেলা অসম্ভব কিছু নয়। দলের ব্যাটিং গভীরতা বড় শক্তি। নিজেদের কাজটা ঠিকমতো করতে পারলে ভালো কিছু হবে।”
ফেভারিট প্রসঙ্গে মাশরাফী বলেন, “বিশ্বকাপে আমরা অন্যদের মতো ফেভারিট নই। আমাদের পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। এজন্য সবাই প্রস্তুত আছি কি-না সেটা গুরুত্বপূর্ণ।”
ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হলেও এতে নিজের তেমন কোনো চাওয়া-পাওয়া নেই বলে জানালেন মাশরাফী।
“আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি অতিরিক্ত চাপ নিতে চাই না। আমি সবসময় ভাগ্যে বিশ্বাসী। আমাদের সেমি-ফাইনাল বা ফাইনাল খেলতে হবে এরকম কোনো চাপ নিতে চাই না। বিশ্বসেরা দলগুলোও অনেক সময় ভালো করতে পারে না। তবে হ্যাঁ, আমরা অবশ্যই বিশ্বকাপে ভালো করার জন্য মুখিয়ে আছি।”
আগামী ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসরের। ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে এ অভিযান শুরু হবে বাংলাদেশের।
এর আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামী ১ মে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বেন মাশরাফী বাহিনী।
