দুই শত পর্বের মাইলফলক স্পর্শ করছে মাছরাঙা টেলিভিশন-এর দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘ফুল এইচডি’। ৩০ এপ্রিল প্রচারিত হবে এর ২০০তম পর্ব। প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ৮ টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে নাটকটি।
অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সানজিদা প্রীতি, তারিক আনাম খান, আবুল হায়াত, আরফান আহমেদ, রাশেদ মামুন অপু, রোবেনা রেজা জুঁই, নাবিলা ইসলাম, দীপান্বিতা, সুষমা সরকার, শামীমা নাজনীন প্রমুখ।
এতে দেখা যায়, টানা দুই বছর সিনেমা ব্যবসায় লোকসান দিচ্ছে তরুণ প্রযোজক ইফতেখার আলম। এ সময় একদিন তার অফিসে আসে আবুল কালাম মোহাম্মদ সামসুদ্দীন নূর নামের অদ্ভুত এক লোক। সে ঢাকায় এসেছে এমন একটি সিনেমার কাহিনি নিয়ে যে সিনেমা তৈরি হলে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়ে যাবে।
ছবির কাহিনি লেখা শুরু করে নূর। কান্নার দৃশ্য লেখার সময় সে হাউ মাউ করে কাঁদতে থাকে। কমেডি দৃশ্য লেখার সময় হাসতে থাকে। অ্যাকশন দৃশ্য লেখার সময় উত্তেজনায় কাঁপতে থাকে। চার দিনের মধ্যে তার সিনেমার কাহিনি লেখা শেষ হয়ে যায়। নানা অদ্ভুত ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের কাহিনি।
