দলীয় কোন্দলের জের ধরে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামানের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। দলীয় কোন্দলের জের ও প্রাথমিক বিদ্যালয়ের টেন্ডার সংক্রান্ত বিষয় নিয়ে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। হামলার পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে।
হামলায় আহত আ.লীগ নেতার ছেলে ইউপি সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহামুদুর রহমান সোহেল জানান, সোমবার উপজেলা হল রুমে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা চলাকালীন সময় মেলা থেকে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আমার বাবাকে ডেকে নিয়ে এলোপাথারি ভাবে চড় থাপ্পর, কিল ঘুষি মারে এবং লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।
এ হামলার ঘটনায় উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহিন হাওলাদার, ইন্দুরকানী সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক শাওন হাওলাদার, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকরামুল সিকদার, পত্তাশী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম মিন্টু এবং উপজেলা যুবলীগের সদস্য সজিব হাওলাদার অংশ নেয় বলেও জানান তিনি।
হামলার পর আহত মনিরুজ্জামান জানান, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মিরা আমাকে হল রুম থেকে ডেকে নিয়ে চাঁদা চেয়ে মারধর শুরু করে। এ ঘটনার আগেও গত এক মাস পূর্বে এরা আমাকে হামলার উদ্দেশ্যে ধাওয়া করেছিল। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হবে তিনি জানান।
উপজেলা আ.লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. এম মতিউর রহমান বলেন, এটি একটি দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ। আমি এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই ।
ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান জানান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনা শুনেছি। দলীয় কোন্দল ও স্কুল ভাঙার টেন্ডার নিয়ে এ ঘটনা ঘটেছে। তবে এখনও কেউ কোন অভিযোগ করে নি। অভিযোগ আসলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
