সর্বোত্তম সেবা ও কার্যক্রমের ভিত্তিতে সেরা ওয়ার্ড নির্বাচিত করে প্রতি বছর মেয়র অ্যাওয়ার্ড প্রদান করার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এছাড়া সর্বোত্তম নাগরিক সেবা প্রদানকারী ওয়ার্ডের জন্য ২০২০ সালে মুজিব বর্ষ অ্যাওয়ার্ড প্রদানেরও ঘোষণা দেওয়া হয়।
সোমবার গুলশানের ডিএনসিসি নগর ভবনে ‘ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় মেয়র আতিকুল ইসলাম এই ঘোষণা দেন।
মেয়র বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সকল গণমাধ্যমে সচেতনতা বাড়াতে ইতিমধ্যে প্রচারণা চালানো হচ্ছে। জনগণকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে প্রচারাভিযান শুরু করা হবে।
মতবিনিময় সভায় লেখক সৈয়দ আবুল মকসুদ, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, চিত্রশিল্পী মনিরুজ্জমান, সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজাসহ ডিএনসিসির কর্মকর্তা ও কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
