ক্রাইস্টচার্চে বিস্ফোরক ও অস্ত্রশস্ত্রের সন্ধান, এলাকাজুড়ে উত্তেজনা

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ০২:২৩ পিএম

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে একটি খালি জায়গায় বিস্ফোরক ও অস্ত্রশস্ত্রের সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজিল্যান্ড হেরাল্ড জানায়, ক্রাইস্টচার্চের ফিলিপসটাউন এলাকার নিউক্যাসল স্ট্রিটে মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। সামরিক বাহিনীর বোম্ব স্কোয়াড বিস্ফোরক ও অস্ত্রশস্ত্রের বস্তাটি নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

ক্যান্টারবারি জেলা কমান্ডার সুপারিনটেনডেন্ট জন প্রাইচ বলেন, “একটি খালি জায়গায় পুলিশ একটি বস্তা শনাক্ত করে, যার মধ্যে বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র আছে বলে ধারণা করা হচ্ছে।”

এ ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩৩ বছর বয়সী ওই ব্যক্তির নাম-পরিচয় সম্পর্কে এখনো কিছু জানায়নি তারা।

এদিকে জরুরি নিরাপত্তা বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ওই জায়গাটি ঘিরে রেখেছে। নিউক্যাসল, গ্লাসগো এবং হ্যারো স্ট্রিটের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া আশপাশের এলাকাকে নো ফ্লাইজোন হিসাবে ঘোষণা করা হয়েছে। 

স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের প্রতি ঘোষণা দিয়েছে, অস্বাভাবিক আচরণ করছে কিংবা কাউকে সন্দেহভাজন মনে হলে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়।  

গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চে দুই মসজিদে জুমার নামাজ আদায়রত মুসল্লিদের ওপর এক খ্রিস্টান শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী সন্ত্রাসী বন্দুক হামলা চালায়। এতে নিহত হয় ৫০ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত