বিশ্বকাপে নির্ভয়ে খেলতে মাশরাফীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ০৩:৪১ পিএম

ত্রি-দেশীয় ওয়ানডে সিরিজ ও বিশ্বকাপে খেলার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিশ্বসেরার মঞ্চে মাশরাফীদের নির্ভয়ে খেলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে মঙ্গলবার দুপুর ১২টায় তার বাসভবন গণভবনে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। দলের সঙ্গে ছিলেন প্রধান কোচ স্টিভ রোডস, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, বোলিং কোচ সুনীল যোশি, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল ও বিসিবির পরিচালকবৃন্দসহ আরও অনেকে।

সৌজন্য সাক্ষাতে মাশরাফীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “বিশ্বকাপে আত্মবিশ্বাস রেখে খেলবে। কোনো তাড়াহুড়োর প্রয়োজন নেই। লম্বা সময় সেখানে থাকতে হবে। মনোযোগ ধরে রাখবে।”

সাক্ষাৎ শেষে গণভবনে প্রধানমন্ত্রী ও ক্রিকেটাররা একসঙ্গে দুপুরের খাবার খান বলে জানা গেছে।

বিশ্বকাপের লড়াইয়ে নামার আগে আয়ার‍ল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এ লক্ষ্যে আগামী ৫ মে দেশ ছাড়বে তারা। বিশ্বকাপের জন্য টাইগারদের চূড়ান্তভাবে ঝালাই করে নেওয়ার মঞ্চ হবে এই সিরিজ।

ত্রিদেশীয় সিরিজে আগামী ৭ মে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। দুইদিন পর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে তারা। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষে বিশ্বকাপের মিশনে নামবে মাশরাফীবাহিনী।

৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসরের। ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মিশন শুরু করবে বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত