বিয়ের পর কলকাতায় ফিরলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। গত ১৯ এপ্রিল চণ্ডীগড়ে পাঞ্জাবি রীতিতে পাত্র রোশন সিংহকে বিয়ে করেন এ নায়িকা।
২৩ এপ্রিল কলকাতা ফিরেই শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এ তারকা। নতুন জীবন নিয়ে কলকাতার আনন্দবাজার পত্রিকাকে মুখ খুললেন শ্রাবন্তী।
তিনি জানান, বর রোশন কিক ফিটনেস জিমের মালিক। তা ছাড়া একটি বিমান সংস্থার কেবিন ক্রু সুপারভাইজার। দু’বছর ধরে তাকে চিনতেন কমন বন্ধুদের মাধ্যমে। যদিও তেমন একটা কথা হতো না তাদের। তবে এ দুজনের বন্ধুত্বের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশ নামটাও।
সাক্ষাৎকারে আনন্দবাজারকে শ্রাবন্তী বলেন, “একবার বাংলাদেশ থেকে ফিরছিলাম। তখন রোশনের সঙ্গে প্লেনে দেখা। তারপর থেকেই আমাদের বন্ধুত্ব।”
বন্ধুত্ব থেকে কীভাবে তারা পরস্পরের লাইফ পার্টনার হলেন, এ প্রসঙ্গে নায়িকা জানান, একই বছরে একইদিনেই দুজনের জন্ম। একইদিনে জন্মদিনের শুভেচ্ছা আদান প্রদান করেন তারা।
এ ছাড়া দুজনের মধ্যেই তারা অনেক মিল দেখতে পান। শ্রাবন্তী নিজেও একজন সিঙ্গেল মাদার। একইদিকে রোশনের মাও ছিলেন একজন সিঙ্গেল মাদার। ছোটবেলায় রোশনের বাবা মারা গিয়েছিলেন।
শ্রাবন্তী বলেন, “ওর পরিবার আমাকে খুব ভালোবাসে। সম্মান দেয়। আমার বাবা-মাকেও সে খুব সম্মান দেখিয়েছে। ফলে দুই বাড়ি থেকেই আমাদের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।”
কলকাতায় বিয়ে না করে চণ্ডীগড়ে কেন এ প্রসঙ্গে তিনি বলেন, “আসলে আমি জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করি। যেখানে আমার জন্ম তার কাছাকাছি বিয়ের অনুষ্ঠান করতে বলেছিলেন আমার জ্যোতিষী। আমার জন্ম অমৃতসরে। তাই তার কাছেই বিয়ে করলাম।”
তবে শিগগিরই কলকাতায় অনুষ্ঠান করছেন তিনি। তার নতুন ফ্ল্যাটের কাজ শেষ হলেই বন্ধুদের নিয়ে একটি অনুষ্ঠান করবেন বলে তিনি জানান।
