বিমানের এমডি মোসাদ্দিককে প্রত্যাহার, ভারপ্রাপ্ত জামিল

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১১:৪৩ পিএম

বিমান বাংলাদেশে এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এএম মোসাদ্দিক আহমেদকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন বিমানের পরিচালক (ফ্লাইট অপারেশন) ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল।

মঙ্গলবার রাতে বিমানের পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিমানের একাধিক বোর্ড সদস্য তথ্যটি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, এএম মোসাদ্দিক আহমেদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ৩০ মে। এ পর্যন্ত টানা তিন বছর বিমান বাংলাদেশ এয়ারলাইনসে এমডি ও প্রধান নির্বাহী পদে ছিলেন তিনি।

১৯৮৩ সালে বিমানের সহকারী ম্যানেজার পদে কাজ শুরু করেন মোসাদ্দিক আহমেদ। ২০১৫ সালে বিমানের পরিচালক পদ থেকে অবসরে যান তিনি। পরিচালক পদে দায়িত্ব পালনকালীন বিমানের ভারপ্রাপ্ত এমডি ও প্রধান নির্বাহী পদের দায়িত্বে পাওয়া যায় তাকে।  

মোসাদ্দিক আহমেদ অবসরে যাওয়ার পর ২০১৬ সালের ১ জুন বিমানের এমডি ও সিইও হিসেবে একবছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় তাকে। ওই চুক্তির মেয়াদ শেষ হলে ফের বিমানের এমডি হিসেবে নিয়োগ পান তিনি। গত কয়েক বছর এই পদে কোনও বিজ্ঞপ্তি ছাড়াই চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল তাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত