গোপালগঞ্জের মুকসুদপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলার একমাত্র আসামি জামাল শেখকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮।
সোমবার গভীর রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শরীফাবাদ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মুকসুদপুর থানায় সোপর্দ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে।
র্যাবের ভাষ্য, গত ১৯ এপ্রিল ভোরে মুকসুদপুর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রী মক্তব থেকে পড়া শেষ করে বাড়ি ফিরছিল। ওই সময় একই গ্রামের রাজু শেখের ছেলে জামাল শেখ (৩৫) ওই ছাত্রীকে ফুসলিয়ে পার্শ্ববর্তী ঝোপে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। পরে ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে জামাল পালিয়ে যান। এ ঘটনায় মুকসুদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে কিশোরীর পরিবার।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছাত্রীর পরিবার সহায়তা চাইলে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানি অধিনায়ক দেবাশীষ কর্মকারের নেতৃত্বে গত সোমবার গভীর রাতে ফরিদপুরের ভাঙ্গা থানাধীন শরীফাবাদ বাজার এলাকায় অভিযান চালায়। ওই সময় গ্রেপ্তার করা হয় জামাল শেখকে।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণচেষ্টার বিষয়টি স্বীকার করেন।
