সেলফির নেশায় পড়ে ট্রেনের নিচে ছিন্নভিন্ন ৩ যুবক

আপডেট : ০১ মে ২০১৯, ০৭:৩৮ পিএম

কোথাও ঘুরতে গেলেন কিন্তু সেলফি তোলা হল না, এমনটা ভাবাই যায় না। স্মার্টফোনের এই রমরমা সময়ে সেলফি তোলাই এখন ফ্যাশন। কিন্তু অসতর্কতাবশত এটি অনেক সময় বিপদের কারণ হয়ে উঠে। এমনকি ডেকে আনে মৃত্যুও।

ভারতে সেলফি তুলতে গিয়ে রেললাইনে ছিন্ন-বিচ্ছিন্ন হলেন তিন যুবক। সোমবার চণ্ডিগড়ে পাণিপথ পার্কের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এনডিটিভি জানায়, রেললাইনে ঘুরে ঘুরে প্রায় আধ ঘণ্টা ধরে সেলফি তুলছিলেন চার যুবক। কিন্তু পেছন দিক থেকে আচমকা ট্রেন চলে আসে, কেউই খেয়াল করেননি তারা।

শেষ মুহূর্তে ট্রেন দেখতে পেয়ে পাশের লাইনে ঝাঁপ দেন তিন জন। সেই সময় সেই লাইন দিয়ে আসা অন্য একটি ট্রেন তিনজনের শরীর বিচ্ছিন্ন করে দিয়ে চলে যায়। অন্য লাইনে ঝাঁপ দেওয়ায় বেঁচে যান আরেক যুবক।

জানা যায়, নিহত তিন যুবক উত্তরপ্রদেশের আলিগড় থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল। বাকিজন আসেন দিল্লি থেকে। এরা চারজনেই পরস্পরের ঘনিষ্ঠ আত্মীয় এবং সবাই পেশায় ঠিকা শ্রমিক।

দুর্ঘটনার ভয়াবহতা এমন ছিল যে, নিহতদের শরীর টুকরো টুকরো হয়ে যায়। শরীরের অংশ প্রায় ১০ মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে। এমন দৃশ্য দেখে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যান বেঁচে যাওয়া যুবক। রেললাইন থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে রেল পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত