বিশ্বকাপে ভালো খেলতে নিজেদের ওপর বিশ্বাসই মূল ভিত্তি বলে মন্তব্য করেছেন সাকিব আল হাসান। আর টাইগারদের সেই আত্মবিশ্বাস আছে বলেই মনে করেন দলের সহ-অধিনায়ক। নিজের সেই বিশ্বাস থেকেই বিশ্বকাপে বাংলাদেশকে সেমিফাইনালে দেখছেন সাকিব।
ত্রিদেশীয় সিরিজ খেলতে বুধবার আয়ারল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ শেষে সরাসরি সেখান থেকে ইংল্যান্ডে পাড়ি দেবে টাইগাররা। বাংলাদেশ দলের এই যাত্রাকে তাই বলা যায় বিশ্বকাপ যাত্রা।
আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের বহর ১৯ সদস্যের। যাদের ১৭ জন এদিন সকালে দেশ ছাড়েন। সাকিব আল হাসান পরিবারসহ সন্ধ্যায় আলাদা ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। আগের দিনই ঢাকা ছেড়েছিলেন ফরহাদ রেজা।
সাকিব আয়ারল্যান্ডের উদ্দেশ্যে বিমান ধরার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জানান, বিশ্বকাপে সেমিফাইনাল খেলার সামর্থ্য আছে বাংলাদেশের। বিশ্বকাপে ভালো খেলতে হলে নিজেদের ওপর বিশ্বাস রাখাটাই আসল, আর সেটি টাইগারদের আছে।
ডাবলিনে পৌঁছে শুক্র ও শনিবার নিজেদের মতো অনুশীলন করবে বাংলাদেশ দল। ৫ মে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার।
সিরিজ শুরুর দিনে আয়ারল্যান্ড ‘এ’ দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৭ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের ত্রিদেশীয় সিরিজের মিশন।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে ৩০ মে শুরু হবে বিশ্বকাপ। ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।
