লিভারপুল তার সাবেক ক্লাব। সেই ক্লাবটিকেই কিনা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেলেন লুইস সুয়ারেজ। বার্সেলোনার অন্যতম সেরা ভরসা অবশ্য লিভরপুরকে একবিন্দু ছাড় না দেওয়ার কথাই জানিয়ে দিয়েছিলেন। শেষ চারের প্রথম লেগের ম্যাচটিতে ২৬ মিনিটে গোল করে দলকে প্রথম লিড এনে দিলেন তিনিই।
বুধবার কাম্প নউয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে লড়ছে বার্সেলোনা ও লিভারপুল। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয়েছে ম্যাচ। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে বার্সেলোনা।
ম্যাচের ২৬ মিনিটে অফসাইডের ফাঁদ এড়িয়ে দুর্দান্ত এক গোল করেন সুয়ারেজ। বাঁ-প্রান্ত থেকে তাকে বল জোগান দেন জর্ডি আলবা। ২০১৮ সালের এপ্রিলে রোমার বিপক্ষে গোল করার পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে গোল পেলেন সুয়ারেজ। সেটিও আবার সাবেক ক্লাবের বিপক্ষে। ২০১১ থেকে ২০১৪ এই তিন বছর অ্যানফিল্ডে কাটিয়েছেন সুয়ারেজ।
নিজেদের মাঠে প্রথমার্ধে বল দলখের লড়াইয়েও এগিয়ে ছিল বার্সেলোনা। লিওনেল মেসিও খেলছেন দারুণ। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল ও বার্সেলোনা দুই দলই জিতেছে ৫টি করে শিরোপা।
