ক্রিকেট বিশ্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে অনেক আগেই। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে তো অন্যতম বড় শক্তি বলা হয় টাইগারদের। এ মাসের শেষে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে শুরু হবে বিশ্বকাপ। টানা ষষ্ঠবারের মতো বৈশিক আসরটিতে খেলবে টাইগাররা।
ক্রিকেটে মাশরাফী বিন মোর্ত্তজাদের এই সাফল্যগুলো বিশ্বকাপ খেলার অনুপ্রেরণা জুগায় বাংলাদেশ নারী ফুটবল দলকেও। বৃহস্পতিবার এমনই বলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের অধিনায়ক মিসরাত জাহান মৌসুমী।
শুক্রবার বঙ্গমাতা অনুর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ড কাপের ফাইনালে লাওসের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে এদিন বাফুফে ভবনে ছিল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।
সেখানেই এক প্রশ্নের উত্তরে মৌসুমী বলেন, ‘‘যখন ক্রিকেট জাতীয় দল বিশ্বকাপ খেলে, অবশ্যই সেটা আমাদের জন্য অনুপ্রেরণার। আমরা তাদের দেখে শিক্ষা নেই যে, আমাদের দেশের ভাইয়ারাই তো বিশ্বকাপ খেলে। তো আমরাও একদিন বিশ্বকাপ ফুটবলে খেলার স্বপ্ন দেখি তাদের জন্য।’’
মৌসুমীর কাছে আসলে এদিন প্রশ্নটি ছিল এমন- জুনে পুরুষ ফুটবলে বাংলাদেশ ও লাওস ম্যাচ। সাম্প্রতিক সময়ে মেয়েদের ফুটবলের সাফল্যই ছেলেদের ফুটবলকে ভালো ফলাফলে অনুপ্রাণিত করেছে। শুক্রবার লাওসের বিপক্ষে ফাইনাল থেকে ছেলেরা প্রেরণার কিছু পারে কিনা? মৌসুমী সেটির উত্তর দিতে গিয়েই মাশারফীদের প্রসঙ্গ টানলেন।
পরে যোগ করেন, ‘‘লাওসের সঙ্গে যদি আমরা ভালোভাবে খেলে জয় লাভ করতে পারি, তবে আমি মনে করি ফুটবলের ভাইয়ারাও চেষ্টা করবে যে মেয়েরা যেখানে ভালো করে গেছে আমাদেরও সেখানে ভালো করতে হবে। অবশ্যই এটা কাজে লাগবে আমি মনে করি।’’
