দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে জাসিন্ডার বাগদান

আপডেট : ০৩ মে ২০১৯, ১১:৪০ এএম

দীর্ঘদিনের প্রেমিক ক্লার্ক গেফোর্ডের সঙ্গে বাগদান করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। ১০ মাস বয়সী একটি মেয়েও আছে তাদের।

রয়টার্স জানায়, ইস্টার হলিডেতে প্রেমিকা জাসিন্ডাকে বিয়ের প্রস্তাব দেন ৪১ বছর বয়সী গেফোর্ড। দেশটির একটি চ্যানেলের ফিশিং শো'র উপস্থাপক তিনি।

বেশ কয়েক বছর ধরে তারা এক সঙ্গে থাকছেন। ২০১৮ সালে অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দেন জাসিন্ডা। তিনি বিশ্বের দ্বিতীয় নারী, যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে সন্তান জন্ম দেন। এর আগে ১৯৯০ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো এভাবে সন্তান জন্ম দিয়েছিলেন।

ক্রাইস্টচার্চে মসজিদে মুসল্লিদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নজর কাড়েন ৩৮ বছর বয়সী জাসিন্ডা। খ্রিস্টান শ্বেতাঙ্গবাদী সন্ত্রাসীর ওই হামলায় নিহত হন ৫০ জন। এ পরিস্থিতি মোকাবিলা ও দেশের সম্প্রীতি ধরে রাখায় তার সাহসী ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসিত হয়।    

×
সর্বশেষ সর্বাধিক পঠিত