বিজেপির পক্ষে পাঞ্জাবের গুরদাসপুর থেকে ভারতের সাধারণ নির্বাচনে লড়ছেন বলিউড তারকা সানি দেওল। তাকে কটাক্ষ করলেন স্থানীয় কংগ্রেস নেতা রাজকুমার চাবেওয়াল। তার মতে, সানি দেওল কেন সানি লিওন আসলেও কংগ্রেসের জয় ঠেকাতে পারবে না।
বৃহস্পতিবার এক জনসভায় তিনি বলেন, “নরেন্দ্র মোদি সরকার শোচনীয়ভাবে পরাজিত হবে। এমনকি তারা পাঞ্জাবের তিনটি আসনে প্রার্থী দিতে পারেনি। গুরদাসপুর দিয়েছে সানি দেওলকে বিজেপি সানি দেওল বা সানি লিওন যাকে দাঁড় করাক এই ঝড়ের সামনে টিকবে না।”
এখানে তিনি স্থানীয় কংগ্রেস প্রার্থী সুনীল জাকারকে নির্দেশ করেন। যিনি পরপর তিনবার বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন গুরদাসপুর থেকে।
সুনীল জাকারও সানি দেওলকে আক্রমণ করে ইতিমধ্যে বক্তৃতা দিয়েছেন। তার মতে, বলিউড নায়কের নির্বাচন সম্পর্কে কোনো বোঝাপড়াই নেই। বলেন, “রাজনীতি গুরুতর ব্যাপার। এটা সময় কাটানোর বিষয় নয়।”
সোমবার গুরদাসপুরের জনসভায় সংক্ষিপ্ত বক্তৃতা দেন ’ঘায়েল’ অভিনেতা। এ ঘটনাকে ব্যঙ্গ করে সুনীল বলেন, “তিনি কিছুই বলতে পারেননি, নিজের সিনেমার কিছু সংলাপ আউড়েছেন মাত্র।”
সানি দেওলের বাবা ধর্মেন্দ্র ও সৎমা হেমা মালিনী আগে থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। বিশেষ করে বলিউডের ড্রিমগার্ল তো কয়েকবার নির্বাচিত বিজেপি প্রতিনিধি।
বলিউডে বেশ কিছু জনপ্রিয় দেশপ্রেম কেন্দ্রিক সিনেমায় অভিনয় করেছেন সানি দেওল।
