রাজ কাপুরের স্টুডিও বিক্রি করে দিলো সন্তানেরা

আপডেট : ০৩ মে ২০১৯, ০৬:০৪ পিএম

বলিউড অভিনেতা ও নির্মাতা রাজ কাপুরের স্মৃতি বিজড়িত আর কে স্টুডিও বিক্রি করে দিলো সন্তানেরা। শুক্রবার ঐতিহ্যবাহী স্টুডিওটি কেনার খবর জানান মুম্বাইয়ের গোদরেজ প্রপার্টিজের কর্মকর্তারা।

২.২ একর জমির তৈরি করা হয় আর কে স্টুডিও। গোদরেজ প্রপার্টিজের তরফে স্থানীয় সংবাদমাধ্যমকে জানানো হয়, ০.৩৫ মিলিয়ন স্কয়ার ফুটের এই জায়গায় তৈরি হবে বিলাসবহুল ফ্ল্যাট। পাশাপাশি শপিং কমপ্লেক্স তৈরির পরিকল্পনা রয়েছে।

তবে ঠিক কত টাকায় কাপুর পরিবারের কাজ থেকে আর কে স্টুডিও কেনা হলো তা গোপন রাখা হয়েছে।

গত বছর অক্টোবরে মিন্ট প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ২০০ কোটি রুপিতে বিক্রি হচ্ছে এই স্টুডিও। ওই সময় ৭০ বছরের পুরোনো এই সম্পত্তি বিক্রির সিদ্ধান্তের কথা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন ঋষি কাপুর।

এ অভিনেতা বলেন, “কিছুদিনের আগেও আমার অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে আর কে স্টুডিওকে নতুন করে সাজিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে বাস্তবটা হলো ফিনিক্স থেকে নতুন করে ছাই ঝেড়ে ফেলে উঠে দাঁড়ানো সম্ভব নয়। আমরা কাপুরদের এ বিষয়টির ওপর ভীষণ আবেগ কাজ করে। তবে সত্যিটা হলো আর কে স্টুডিও নতুন করে গড়ে তোলায় জন্য যে পরিমাণ টাকা বিনিয়োগ করতে হবে পরবর্তীকালে এটা থেকে ততটা লাভ হবে না।”

আরও বলেন, “বিশ্বাস করুন, আমাদের অনেক ভেবেই এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে। এমনকি আর কে স্টুডিওতে আগুন লাগার আগেও এটি আমাদের কাছে একটা বড় সাদা হাতি পোষা ছাড়া আর কিছুই ছিল না।”

ঋষি কাপুর, রণধীর কাপুরের বাবা রাজ কাপুর ১৯৪৮ সালে আর কে স্টুডিও তথা আর কে ফিল্মসের প্রতিষ্ঠা করেন। আগ (১৯৪৮) বরসাত (১৯৪৯), আওয়ারা (১৯৫১), বুট পলিস, জাগতে রহো, শ্রী ৪২০, পরবর্তীকালে জিস দেশ মে গঙ্গা বহতে হ্যায় (১৯৬০) মেরা নাম জোকার (১৯৭০) ববি (১৯৭৩) সহ অসংখ্যা জনপ্রিয় সুপার হিট ছবি আর কে ফিল্মসের প্রযোজনায় তৈরি হয়েছে। শেষবার ১৯৯৯ সালে ‘আ আব লট চলে’ সিনেমাটি বানিয়েছিলেন ঋষি কাপুর। এদিকে শুধু সিরিয়াল, রিয়েলিটি শো-এর জন্যই এই স্টুডিও ভাড়া দেওয়া হতো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত